গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। আগামী ১০ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করেছে আদালত। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দ্বিতীয় কোনো মামলায় বিচার শুরুর আদেশ হলো গতকাল। এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ৪ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এ মামলায় অন্য দুই আসামির বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
চানখাঁরপুল হত্যাকা-ের মামলার আসামিরা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, পুলিশের রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাবেক এসি মো. ইমরুল, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম। এখন কারাগারে আছেন আরশাদ, সুজন, ইমন ও নাসিরুল। গতকাল তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালত চারজনের উদ্দেশে অভিযোগ পড়ে শোনানোর পর তারা নিজেদের নির্দোষ দাবি করেন। হাবিবুর রহমানসহ অন্য চার আসামি এখনো পলাতক।
গত ২০ এপ্রিল উপর্যুক্ত আটজনকে অভিযুক্ত করে প্রসিকিউশন শাখায় তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রতিবেদনে বলা হয়, ঢাকা মহানগরের চানখাঁরপুলে ৫ আগস্ট আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে। তদন্ত সংস্থার প্রতিবেদন মোতাবেক চানখাঁরপুলে ছয়জন নিহত হয়েছেন। নিহতরা হলেন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া। গত ২৫ মে এ মামলার আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।