উদযাপনের পাশাপাশি সমবেদনা; ক্রিকেটের সৌন্দর্য এখানেই

ইংলিশ পেসার শোয়েব বসিরের বলটা ঠিকঠাকই খেলেছিলেন মোহাম্মদ সিরাজ, কিন্তু তার ভাগ্যটা আসলে ভালো ছিল না। বল গড়িয়ে গিয়ে আঘাত করে স্টাম্পে। সিরাজ আউট হতেই লর্ডস টেস্টে শেষ হয় ভারতের দুর্দান্ত লড়াই। হতাশ হয়ে সিরাজ বসে পড়েন ক্রিজে। অন্যদিকে প্রাথমিক উদযাপন শেষে সিরাজকে সান্ত্বনা দিতে ছুটে আসেন ইংল্যান্ডের ক্রিকেটারেরা। ক্রিকেটের এই সৌন্দর্যের প্রশংসা এখন সর্বত্র।

লর্ডস টেস্টের পঞ্চম দিনে একাই লড়াই করে যাচ্ছিলেন রবীন্দ্র জাদেজা। শেষ উইকেটে তার সঙ্গী হন সিরাজ। ৩০ বলে ৪ রানের লড়াই শেষ হতেই ভারতের পেসার মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে উইকেটে বসে কেঁদে ফেলেন। তার কান্না দেখে মুখ ঘুরিয়ে থাকতে পারেননি রুট, ব্রুকেরা। তারা লড়াই ভুলে এগিয়ে এসে সিরাজকে স্বান্ত্বনা দেন। মাটিতে বসে পড়া সিরাজকে হাত ধরে টেনে তোলেন ব্রুক।

ম্যাচ শেষ হওয়ার পরের এই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বলা হচ্ছে, এটাই ক্রিকেটের সৌন্দর্য, যেখানে লড়াই শেষ হওয়ার পর পরাজিত যোদ্ধারাও প্রাপ্য সম্মান পান। সিরাজের আগে আরেক পেসার জসপ্রীত বুমরাহও ৫৪ বলে ৫ রানের ইনিংস খেলে জাদেজাকে সঙ্গ দিয়ে গেছেন। ১৮১ বলে ৬১ রানে অপরাজিত জাদেজাকেও তাই স্বান্ত্বনা দিতে ভুলেননি ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।