হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের উত্তেজনার পর পারমাণবিক আলোচনার অচলাবস্থার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী সামরিকভাবে বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। খবর: ইরান ইন্টারন্যশনাল

গতকাল সোমবার দেশটির সংসদের এক জ্যেষ্ঠ সদস্য এমন সম্ভাবনার কথা জানান।

ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য এস্মাইল কোসারি হিজবুল্লাহ-ঘনিষ্ঠ আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সামরিকভাবে প্রণালী বন্ধের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিষয়টি এখনো পর্যালোচনার অধীন রয়েছে।’

হরমুজ প্রণালী ইরান, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যবর্তী একটি জলপথ। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি তেল ও গ্যাস এই প্রণালী দিয়ে পরিবহন হয়, যা এটিকে আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য অতি গুরুত্বপূর্ণ করে তুলেছে। ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় এই প্রণালীতে সংঘাত হয়েছিল, তবে চলতি বছরের জুনে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষের সময় এ প্রণালীতে সরাসরি কোনো হামলা হয়নি।

এস্মাইল কোসারি আরও বলেন, ‘তেহরান এখনো পারমাণবিক আলোচনার টেবিল ছাড়েনি। তবে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন এবং কূটনৈতিক প্রচেষ্টার জন্য আঘাতস্বরূপ।’

তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে আলোচনা আবার শুরুর মতো পরিবেশ নেই।

ইরান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে একাধিকবার হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়ে আসছে। গত মাসেও কোসারি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, ইরানি পার্লামেন্ট প্রণালী বন্ধের একটি প্রস্তাব অনুমোদন করেছে। তবে সেটি বাধ্যতামূলক নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লাগতে পারে এবং তা নতুন করে বিস্তৃত সংঘাতের ঝুঁকি বাড়াবে।