ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর অর্জন করে বোর্ড সেরা হওয়ার গৌরব অর্জন করেছে ফারহান তানভির তকি। সে ১৩০০ নম্বরের মধ্যে ১২৫৯ নম্বর পেয়ে বোর্ডের সর্বোচ্চ ফলাফলধারী শিক্ষার্থী হিসেবে স্থান পেয়েছে।
তকি ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থী। সে ত্রিশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের পৈতৃক বাড়ি ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের টুক্কিরপাড় গ্রামে। তার বাবার নামে সিদ্দিক মো. ইসমাঈল ও মোছা: ছালমা খাতুন। সে এই দম্পতির জ্যেষ্ঠ সন্তান। তার বাবা একজন ব্যবসায়ী এবং মা গৃহিণী।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই তকি পড়াশোনায় একনিষ্ঠ, দায়িত্বশীল ও মেধাবী ছিল। পড়াশোনার প্রতি তার গভীর মনোযোগ ও আত্মনিবেদনই তাকে এনে দিয়েছে এই অসাধারণ সাফল্য।
তকির এমন সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম বলেন, তকির এই কৃতিত্ব ময়মনসিংহ জিলা স্কুলের জন্য গর্বের। আমি আশেপাশের অন্যান্য স্কুলের ফলাফল যাচাই করেছি সেই সর্বোচ্চ নম্বর পেয়েছে।
তকির মা ছালমা খাতুন বলেন, আমার ছেলে ছোটবেলা থেকেই অনেক মেধাবী ও পরিশ্রমী। তার এই অর্জন আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।
ফারহান তানভীর তকি বলেন, নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা ও আল্লাহর ওপর বিশ্বাস রেখেই আমি প্রস্তুতি নিয়েছি। ভবিষ্যতে বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে দেশ ও মানুষের জন্য কিছু করতে চাই।
শিক্ষকরা মনে করন, তকির মতো শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের যোগ্যতায় ও সাফল্যে আলোকিত হবে আগামী প্রজন্ম।