আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ কেন্দ্র ঘিরে সম্পাদিত দেশি-বিদেশি সব ধরনের চুক্তি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, ‘বিগত সরকারের সময় কিছু পাওয়ার প্ল্যান্টের চুক্তি হয়েছিলো। এগুলোতে অনেক অসম শর্ত আছে। এসব চুক্তি পর্যালোচনার জন্য হাইকোর্টের নির্দেশনা আছে। পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত দেশি-বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে।’
খাদ্য মজুদের পরিস্থিতি নিয়ে তিনি জানান, ‘খাদ্য মজুদ সন্তোষজনক। কি কি কেনা হবে সেটির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছি। সবচেয়ে বেশি বোরো ধান কেনা হয়, এরপর আমন, সবচেয়ে কম কেনা হয় আউশ। সরকার বাজারে মূল্য স্থিতিশীল চেষ্টা করছে, দামের উঠানামা খুব বেশি যেন না হয়।’