জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের পাঁচ যুগ্ম কর কমিশনার ও তিন উপ-কর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন-কর অঞ্চল-২-এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫-এর মুরাদ আহমদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোহাম্মদ মোরশেদ উদ্দিন, নোয়াখালী কর অঞ্চলের মোনালিসা শাহরীন সুস্মিতা ও কক্সবাজার কর অঞ্চলের আশরাফুল আলম প্রধান। এছাড়া উপ-কর কমিশনার শিহাবুল ইসলাম, রংপুরের নুশরাত জাহান শমী ও কুমিল্লার ইমাম তৌহিদ হাসান শাকিলও বরখাস্ত হয়েছেন।
এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২২ জুনের বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (১) ধারা অনুযায়ী তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্ত করা হলো। এ সময় তারা খোরপোশ ভাতা পাবেন।
উল্লেখ্য, গত ২৪ জুন এনবিআর ভবনে কর্মকর্তারা দুটি বদলি আদেশকে ‘প্রতিহিংসামূলকও নিপীড়নমূলক’ আখ্যা দিয়ে তা ছিঁড়ে ফেলে। এ ঘটনায় আজ ব্যবস্থা নেওয়া হলো।