চাঁদপুরে মামলার শুনানির সময় স্ট্রোকে আইনজীবীর মৃত্যু

চাঁদপুরে মামলার শুনানি চলাকালে হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে আব্দুল মান্নান খান মহিন নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার দুপুরে জেলা ও জজ আদালতে রিভিশন মামলার শুনানিকালে এ ঘটনা ঘটে। এরপর জেলা ও দায়রা জজ সামছুন্নাহার আদালতের সকল কার্যক্রম মুলতবি ঘোষণা করেন।

আইনজীবী আব্দুল মান্নানের গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলা কালচোঁ দক্ষিণ ইউনিয়নে। তিনি শহরে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে থাকতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

সহকর্মী আইনজীবীরা জানান, আইনজীবী আব্দুল মান্নান শুনানি করা অবস্থায় হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান। এ সময় বেঞ্চের সাথে ধাক্কা লেগে মাথায় রক্তাক্ত জখম হয় তার। সাথে সাথে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান বলেন, আইনজীবী আব্দুল মান্নানকে হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি স্ট্রোক করেছিলেন।

চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনূর বেগম বলেন, আমরা এমন খবরের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তার মৃত্যুতে আগামীকাল ফুট কোট রেফারেন্স থাকবে। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

আব্দুল মান্নান খান ২০১০ সালে চাঁদপুর আইনজীবী সমিতিতে যুক্ত হন। মৃত্যুর দিন পর্যন্ত আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।