ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার ইচ্ছা নেই সরকারের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানানো হয়েছে। 

মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জারি করা এক বিবৃতিতে স্পষ্ট এ অবস্থান তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, হাইকোর্টের একটি বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে রুল জারি করে জানতে চেয়েছেন, কেন ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার রুলের জবাব দেবে। তবে এ বিষয়ে স্পষ্ট করা প্রয়োজন যে, ড. ইউনূসকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা সরকারের নেই।

এদিকে, রিট আবেদনকারী নিজেই এ আবেদন দায়ের করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, কোন ভিত্তিতে এ নির্দেশনা চাওয়া হয়েছে, তা অস্পষ্ট। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিষয়টি নিষ্পত্তি করবে।

প্রসঙ্গত, সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা না করার কারণ জানতে চেয়ে রুল জারি করেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর এ আদেশ দেয়।

একই রুলে জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিম আকরামসহ শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা না করার কারণও জানতে চাওয়া হয়।