উভয় কক্ষের নির্বাচনে পিআর ও সংবিধান সংশোধনে গণভোট চায় জামায়াত

সংবিধান সংশোধনে গণভোটের পক্ষে মত দিয়েছে জামায়াতে ইসলামী। দলটি মনে করে, সংবিধান সংশোধনের জন্য দুই-তৃতীয়াংশ মেজরিটি থাকতে হবে। এছাড়া সংসদ দ্বিকক্ষবিশিষ্ট হলে উভয় কক্ষেই পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে তারা।

মঙ্গলবার (১৫ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

সংবিধান সংশোধন প্রস্তাবনা নিয়ে জামায়াতের মতের বিষয়ে তিনি বলেন, নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ মেজরিটি ও উচ্চকক্ষে মেজরিটি থাকতে হবে। এছাড়া কতিপয় গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে গণভোটের আয়োজন করতে হবে। একটি মাত্র দল বা সরকারি দল সংবিধান সংশোধন করে ফেলবে–এটা আমরা চাই না।

সংসদ দ্বিকক্ষবিশিষ্ট হলে উভয় কক্ষেই জামায়াত পিআর পদ্ধতি চায় বলেও জানান দলটির নায়েবে আমির। তিনি বলেন, সরকার গঠনে পিআর পদ্ধতির পক্ষেই আমাদের অবস্থান। সংসদে নারী আসন ১০০ করার পক্ষে জামায়াত মত দিয়েছে বলেও জানান তিনি।

তাহের বলেন, ‘কিছু সংখ্যক দল ছাড়া আমরা বেশিরভাগই দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত হয়েছি। পিআর পদ্ধতির ব্যাপারেও আমরা একমত হয়েছি।’