৪০ বছর বয়সে এসেও থামছেন না লুকা মদ্রিচ। রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩ বছরের অধ্যায় শেষে এবার ইউরোপীয় ফুটবলের আরেক মহারথী ক্লাব এসি মিলানে যোগ দিলেন এই ক্রোয়্যাট সুপারস্টার। সোমবার আনুষ্ঠানিকভাবে মদ্রিচের সঙ্গে এক বছরের চুক্তি ঘোষণা করেছে মিলান, যেখানে দ্বিতীয় বছরের জন্য একটি অপশনও রাখা হয়েছে।
রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ সফল ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে। ১২ বছরে ৫৯৭টি ম্যাচ খেলা মদরিচ ২৮টি শিরোপা জিতেছেন সেখানে, যার মধ্যে রয়েছে ৬টি ইউরোপিয়ান কাপ, ৬টি ক্লাব বিশ্বকাপ ও ৫টি স্প্যানিশ সুপার কাপ।
শৈশব থেকেই মিলানের সমর্থক ছিলেন মদ্রিচ। ৯০-এর দশকে ক্লাবটির হয়ে খেলা তার ক্রোয়্যাট আইডল জভোনিমির বোবানের কারণেই ছোটবেলায় মিলানকে ভালোবেসে ফেলেন তিনি। এত বছর পর নিজেই লাল-কালো জার্সি গায়ে জড়ানো মদ্রিচের জন্য যেন স্বপ্নপূরণের মতো ঘটনা।
গত মৌসুমে সিরি আ-তে অষ্টম হয়ে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে বাদ পড়ে মিলান। নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ক্লাবটি আবারও দায়িত্ব দিয়েছে পুরনো কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিকে। আল্লেগ্রি নিজেও বিশ্বাস করেন, মাঠে ও ড্রেসিংরুমে মদ্রিচের উপস্থিতি দলকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করবে। ঠিক যেভাবে ২০২০ সালে ইব্রাহিমোভিচের প্রত্যাবর্তন দলকে চাঙ্গা করেছিল।
মিলানের নতুন স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে জানিয়েছেন, ফোনে প্রথমেই মদ্রিচ জানতে চান—দলটি কি জেতার জন্য তৈরি হবে? এর মধ্যেই ধরা পড়ে তার অদম্য মানসিকতা। গত মৌসুমেও ৬৫টি ম্যাচ খেলেছেন তিনি, যার ৩৬টিতে ছিলেন শুরুর একাদশে। বয়স বাড়লেও শারীরিকভাবে নিজেকে সামলাতে এখনো পারদর্শী মদ্রিচ। কোচ আল্লেগ্রি জানিয়েছেন, মিডফিল্ডের মাঝখানে কিংবা ডিপ-লাইং প্লেমেকার হিসেবে মদ্রিচকে ব্যবহার করার পরিকল্পনা আছে তার। বিশেষ করে তার নিখুঁত পাসিং অ্যাবিলিটি কাজে লাগিয়ে রাফায়েল লেয়াওদের মতো ফরোয়ার্ডদের জন্য সুযোগ তৈরি করতেই চান তিনি।
৩৫ লাখ ইউরো বেতনে সান সিরোর ক্লাবে যোগ দেয়া মদ্রিচ জার্সিন পড়বেন ১৪ নম্বর। ১৭ আগস্ট ইতালিয়ান কাপের ম্যাচে বারির বিপক্ষে তার অভিষেক হতে পারে বলে আশা করা হচ্ছে।