ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৫

মাদারীপুরে দুটি যাত্রীবাহী বাস ও মালবাহী মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৫ জন। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার রাজৈর উপজেলার কামালদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল থেকে জানা গেছে, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা হলেন- রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের নান্নু শেখের ছেলে শাকিব (২১) ও একই গ্রামের আমির হামজা (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মিনি ট্রাক নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন চালক শাকিব ও হেলপার আমির হামজা। পথিমধ্যে কামালদি স্থানে আসলে অপর দিক থেকে আসা ঢাকাগামী খান পরিবহনের একটি বেপরোয়া যাত্রীবাহী বাস ওই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং পিছনে থাকা হানিফ পরিবহনের আরেকটি বাসের সঙ্গে ওই ট্রাকের ধাক্কা লাগে।

এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়। পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ট্রাক চালক শাকিব ও তার হেলপার আমির হামজাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বাস ও মিনি ট্রাক সংঘর্ষের ঘটনায় ২ জনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গাড়িগুলো জব্দ করা হয়েছে।