প্রথম টি-টোয়েন্টিতে হারের পর বাংলাদেশ দল যখন দ্বিতীয় ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে, তখনই শুরু হয় আলোচনার ঝড়—শেষ ম্যাচে কী হবে একাদশে? সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ, কিন্তু কি তারা একই উইনিং কম্বিনেশন ধরে রাখবে, নাকি নতুন করে আসবে পরিবর্তন?
দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে জায়গা পান জাকের আলী, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। বাদ পড়েন নাইম শেখ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। এই দলই সিরিজে ফেরে বাংলাদেশকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিকে ঘিরে তৈরি হয়েছে গুঞ্জন।
বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়ে দিয়েছেন, এখন আর অতিরিক্ত কিছু করার সুযোগ নেই। অলরাউন্ডার সাকিব আল হাসান না থাকায় স্কোয়াডে ভারসাম্য রক্ষা করতেই হিমশিম খেতে হচ্ছে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেলে সংবাদ সম্মেলেন সালাহউদ্দিন বলেন, 'আমাদের অনেক কিছুর বিলাসিতা করার সুযোগ নেই। অনেক সময় আমাদের ব্যাটার কম থাকে, আবার অনেক সময় বোলার কম থাকে। সাকিব যখন ছিল তখন আমাদের বিলাসিতা করার সুযোগ ছিল। কারণ একজনকে দিয়েই আমরা একজন এক্সট্রা বোলার আবার একজন ব্যাটারও খেলাতে পারতাম। এখন টিমের যে টুকু শক্তি আছে সেটুকু নিয়েই চলতে হয়।'
দলের ব্যালান্স নিয়ে তিনি আরও বলেন, 'আমরা জানি নাসুমকে খেলালে বোলিংয়ে উপকার হতে পারে, কিন্তু তখন হয়তো রিশাদকে বসাতে হবে। আবার ব্যাটিং লাইনআপও দেখতে হয়—কারা ফর্মে আছে, কারা ইনজুরিতে, সেটা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়।'