সালাহউদ্দিন আহমেদ

জুলাই ঘোষণাপত্র নিয়ে ৫ মাস আগেই মত দিয়েছে বিএনপি 

৫ মাস আগেই বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত জমা দিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যে ধীরগতি দেখা যাচ্ছে, তাতে ৫ আগস্টের মধ্যে হবে কিনা তা নিয়ে সংশয় আছে। তবে আমরা আশা করি সম্ভব হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, ভবিষ্যতে যেন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বৈধতা নিয়ে কেউ আঙুল তুলতে না পারে, তার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে।

তিনি বলেন, একদিনে জুলাই আসেনি, রক্তের সিঁড়ি ডিঙিয়ে জুলাই এসেছে। ১৭ বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান এসেছে।

গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, যারা আন্দোলনের ইতিহাসকে কলঙ্কিত করছে, তারা কি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন দেখতে চান? 

ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে অটুট রাখার আশাবাদ ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এই ঐক্যই জাতীর একমাত্র শক্তি হবে। তবে কেউ কেউ ঐক্যে ফাটল সৃষ্টি করতে চাইছে। আজকের সুখের দিনেও অতীতের নির্যাতন-জুলুমের কথা ভোলা যাবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।