জবিতে শিক্ষকদের ওপর ছাত্রদলের হামলা

ভিডিওর ছড়াছড়ি, তবুও প্রমাণ পেতে প্রশাসনের গণবিজ্ঞপ্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্তৃক ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীর হামলার ভিডিও ও প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রমাণ পেতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৫জুলাই) সংশ্লিষ্ট তদন্ত কমিটির সদস্য-সচিব ও ডেপুটি রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রথম সভার সিদ্ধান্ত মোতাবেক সুষ্ঠু তদন্তের স্বার্থে যদি কেউ এই ঘটনার সাথে সম্পর্কিত কোন তথ্য/ভিডিও ক্লিপ সরবরাহ করতে চান তবে তাদেরকে সংশ্লিষ্ট কমিটির আহবায়ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মহোদয় বরাবর যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।

তাছাড়া আরও বলা হয়, এতে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। ১৬ জুলাই বিকাল ৪টা পর্যন্ত তথ্য প্রদানের সময় নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন,হামলার ঘটনার ফুটেজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রয়েছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই মারামারির ভিডিও প্রকাশিত হয়ছে। এত কিছুর পরও কেন এই গণবিজ্ঞপ্তি প্রশ্ন সংশ্লিষ্ট জনের।

উল্লেখ্য, গত ১০ জুলাই শহিদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ছাত্রকল্যাণ পরিচালক কে এ এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর মো. শফিকুল ইসলামের ওপর রড দিয়ে হামলা চালানো হয়। একই ঘটনায় আহত হন বিভাগের তিন শিক্ষার্থী— মো. ফারুক, ফেরদৌস শেখ এবং মো. ফয়সাল মুরাদ।