উইন্ডিজের সমালোচনায় হুপার 'কয়েকজনকে বরখাস্ত করা উচিত'

জ্যামাইকায় দিবারাত্রির টেস্টে সোমবার ২০৪ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার দুই পেসার মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের তোপে ওয়েস্ট ইন্ডিজ ১৪.৩ ওভারে ২৭ রানে গুটিয়ে যায়।

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এর চেয়ে কম রানে অলআউট হওয়ার নজির আছে কেবল একটি। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে শেষ হয়েছিল নিউজিল্যান্ডের ইনিংস।

ইনিংসে উইন্ডিজের ৭ ব্যাটসম্যান আউট হন শূন্য রানে।

এবিসি স্পোর্ট এর সঙ্গে আলাপে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কড়া সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার কার্ল হুপার। 'ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, আমি সত্যিই মনে করি, কয়েকজনকে বরখাস্ত করা উচিত, কারণ তারা কিছু সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তের ফলাফল এটা। তারা কিছু বড় পরিবর্তন এনেছে, যা প্রয়োজন ছিল না।' উইন্ডিজের হয়ে ১০২ টেস্ট খেলেছেন হুপার।

উইন্ডিজ এরপর টেস্ট সিরিজ খেলবে আগামী অক্টোবরে। ভারত সফরে দুটি টেস্ট খেলবে তারা।