ডেঙ্গুতে মাসের দ্বিতীয় মৃত্যুশূন্য দিন

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে কেউ মারা যাননি। এটি এ মাসের দ্বিতীয় মৃত্যুশূন্য দিন। এর আগে ১১ জুলাই ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন ছিল। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩২ শতাংশ বা ১২১ জনই বরিশাল বিভাগের। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর এই তথ্য জানিয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার মধ্যে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে রাজধানীতে ৬৭ জন, যা দিনের মোট রোগীর ১৮ শতাংশ। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৯ জন ও উত্তরে ২৮ জন ভর্তি হয়েছে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে বরগুনায় ৬২ জন, যা দিনের মোট রোগীর ১৭ শতাংশ। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৩, খুলনায় ২৬, রাজশাহীতে ৫৫ এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে তিনজন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৪৮ জন ডেঙ্গু রোগী।