চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

গাজীপুরের বাঘের বাজার অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা ইসলাম উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কর্মী দেলোয়ার হোসেন বাদী হয়ে গত রবিবার জয়দেবপুর থানায় এ মামলা দায়ের করেন।

জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ জানান, চাঁদাবাজি ও হামলার অভিযোগে দায়ের করা মামলার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এজাহারভুক্ত দুই নম্বর আসামি শহীদুল্লাহকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর পক্ষের অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে।

অভিযোগের বিষয়ে ইসলাম উদ্দিন বলেন, গত ১১ জুলাই শুক্রবার অটোরিকশা স্ট্যান্ডে চাঁদা সংগ্রহ ও বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। তবে ওই সময় তিনি শ্রীপুর উপজেলায় বিএনপির একটি কর্মসূচিতে ছিলেন এবং এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী জানান, ঘটনার সময় ইসলাম উদ্দিন তার সঙ্গে শ্রীপুরে দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন। 

প্রসঙ্গত, বাঘের বাজার অটোরিকশা স্ট্যান্ডে চাঁদা সংগ্রহ ও বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী ও শ্রমিক দলের সাধারণ সম্পাদকের কর্মীদের মধ্যে বিরোধ ও বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে।