ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লব বড়–য়া এবং কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল, ও মো. জহির মিয়াকে প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার তাদের থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান আটক করেন মহাসড়কে কর্তব্যরত টহল পুলিশের সদস্যরা। পরে তারা অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ওই কাভার্ড ভ্যান থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেন। এ নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়। এরপর সোমবার ওই থানার ওসিসহ ছয়জনকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসির দায়িত্বে থাকা উপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া বলেন, একটা অভিযোগের ভিত্তিতে ছয়জনকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে। গতকাল থেকে আমি দায়িত্ব পালন করছি।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম বলেন, একটি অভিযোগের ভিত্তিতে ওসিসহ ছয়জনকে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের বিষয়ে তদন্ত করছেন। তদন্ত প্রতিবেদনে অপরাধের মাত্রা অনুসারে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।