সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে রাজধানীর ব্যস্ততম এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে বিকেল ৪টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সেখান থেকে বিকেল ৫টার দিকে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।
মিছিলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ‘জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘দালালি আর করিস না, পিঠের চামড়া রাখব না’, ‘শহীদ জিয়ার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘মব সন্ত্রাসের বিরুদ্ধে, আওয়াজ তোলো এক সাথে’, ‘জামায়াত-শিবির রাজাকার, জুলাই করছে ছারখার’সহ বিভিন্ন সেøাগান দেন।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রমুখ।