চন্দনাইশে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী ঈগল বাসের ধাক্কায় মোহাম্মদ রফিক কোম্পানি (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে চন্দনাইশ উপজেলার দক্ষিণ কাঞ্চননগর (নগরপাড়া) হযরত হাছান শাহ (রহঃ) এর মাজারের দক্ষিণ পার্শ্বে মজিদিয়া শাহী কবরস্থানের সামনে রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রফিক কোম্পানি চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দক্ষিণ কাঞ্চননগর (নগরপাড়া) বায়তুল মাল এলাকার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোহাম্মদ রফিক রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী ঈগল বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তিনি মারা যান। 

এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। দুর্ঘটনার ঘটনাস্থলে আমরা যাচ্ছি। ঘটনাস্থল থেকে ঘাতক বাসকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।