রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক নারী (৯০) নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বৃদ্ধার নাম সাহারা বেগম (৭৫)। তার ছেলে বিকচান জানান, তাদের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ থানার মেদিপাথর কাটা গ্রামে। বর্তমানে কমলাপুর স্টেশনেই থাকেন। সেখানে তারা ভিক্ষাবৃত্তি করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা রেলওয়ে থারার (কমলাপুর) পুলিশ সদস্য আ. মালেক ও রেলওয়ের কর্মচারী মো. নাহিদ জানান, ওই নারী স্টেশন এলাকায় থাকেন। সকালে ২ নম্বর প্লাটফর্মে রেললাইন পার হচ্ছিলেন। এমন সময় একটি ট্রেনের নিচে তার পা কাটা পড়েন। খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে পরিক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।