ঢাকা থেকে গোপালগঞ্জে মার্চের হুঁশিয়ারি ভিপি নুরের

গোপালগঞ্জে এসনসিপির পদযাত্রা ও সমাবেশে ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের হামলার প্রতিবাদে ঢাকা থেকে গোপালগঞ্জে মার্চের হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ বুধবার এক ফেসবুক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, সারা দেশের লীগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা গোপালগঞ্জে আস্তানা গেড়েছে। এনসিপির সমাবেশ ও যাত্রাপথে আজকের হামলা প্রমাণ করে ১১ মাসেও এদের মধ্যে ন্যূনতম কোনও অনুশোচনাবোধ তৈরি হয়নি। এরা প্রতিশোধপরায়ন হিংস্র জন্তুতে পরিণত হয়েছে। তাই ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনও ছাড় নয়। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে।

তিনি আরও বলেন, প্রশাসন যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জকে দুর্বৃত্ত ও সন্ত্রাসী লীগ মুক্ত করার কোনও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা গোপালগঞ্জকে দুর্বৃত্ত সন্ত্রাসীদের থেকে মুক্ত করতে 'ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ 'করব। গোপালগঞ্জবাসীর প্রতিও আমাদের আহ্বান ফ্যাসিবাদ নির্মূল আপনারাও আওয়াজ তুলুন, পুরো বাংলাদেশ আপনাদের পাশে থাকবে।

আরেকটি পোস্টে গোপালগঞ্জের ঘটনায় সন্ধ্যা ৭টায় পল্টন থেকে মশাল মিছিলেরও ঘোষণাও দেন নুর।