গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ও গাড়িবহরে হামলায় প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যতদূর জেনেছি, এনসিপির নেতারা নিয়মমাফিক প্রশাসনের সঙ্গে আলোচনা করেই কর্মসূচির আয়োজন করেছিলেন। এটি তাদের রাজনৈতিক অধিকার।
জামায়াত আমির আরও বলেন, বর্তমানে মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি দেখা যাচ্ছে না। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে এর দায় সরকারকেই নিতে হবে।
তিনি সংশ্লিষ্ট এলাকার জনগণকে উসকানিমূলক কাজ থেকে বিরত থাকতে আহ্বান জানান এবং ‘ফ্যাসিবাদবিরোধী’ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এর আগে বুধবার বিকেলে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির গাড়িবহরে হামলা হয়। এনসিপির অভিযোগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালায়। একই দিনে গোপালগঞ্জে এনসিপির সমাবেশেও হামলার ঘটনা ঘটে।