কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতেও টস জিততে পারেননি লিটন দাস। এ নিয়ে টানা ৯ টি-টোয়েন্টিতে টসে হারলেন। এবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালংকা।
বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হয়েছে। মেহেদী হাসান মিরাজের জায়গায় শেখ মেহেদী হাসান এবং সাইফউদ্দিনের জায়গায় তানজিম হাসান সাকিবকে একাদশে ফেরানো হযেছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, জাকের আলি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দলেও দুটি পরিবর্তন করা হয়েছে। আভিষ্কা ফার্নান্দো ও চামিকা করুনারত্নেকে বাদ দিয়ে দিনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিকে নেয়া হয়েছে। চান্দিমাল ২০২২ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন।
প্রথম ম্যাচ হারার পর ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ এখন পর্যন্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর মাত্র একবারই সিরিজ জিতেছে — ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
তারা এর আগে তিনবার সিরিজ ১-১ এ সমতায় এনেছিল (সিরিজ ন্যূনতম তিন ম্যাচের) — ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে, ২০২২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে, এবং ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তিন বারই শেষ ম্যাচ হেরে সিরিজ হারতে হয়েছে।
আর প্রেমাদাসা স্টেডিয়ামে এর আগে তিনটি টি-টোয়েন্টিই জিতেছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে, এবার কি হবে?