প্রথম ক্লাব বিশ্বকাপের সফল হওয়ার পর ফিফাকে সাহসী এক প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতি চার বছরে নয়, দুই বছরে একবার ক্লাব বিশ্বকাপ আয়োজনের আহ্বান জানিয়েছে তারা। এই তথ্য প্রকাশ করেছে বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রাথমিকভাবে, নতুন ফরম্যাটে ক্লাব বিশ্বকাপ চার বছরে একবার আয়োজিত হওয়ার কথা। পরবর্তী আসর ২০২৯ সালে অনুষ্ঠিত হবে, যদিও এখনও আয়োজক দেশ নির্ধারিত হয়নি। ব্রাজিল আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে।
ফিফা এখনো টুর্নামেন্টের সময়সূচি পরিবর্তনের কথা ভাবছে না। তবে, অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করার বিষয়ে চিন্তাভাবনা করছে সংস্থাটি।
রিয়াল মাদ্রিদ এই প্রস্তাবটি দেয় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রথম ক্লাব বিশ্বকাপের সময়। সেখানে কোচ জাবি আলোনসোর দল সেমিফাইনালে পিএসজির কাছে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয়, যারা পরে রানার-আপ হয়।
মাঠে পারফরম্যান্স প্রত্যাশিত না হলেও মাঠের বাইরে রিয়াল ছিল বাণিজ্যিক সফলতার শীর্ষে। শুধু রিয়ালের কারণেই পুরো টুর্নামেন্টের ২৫% টিকিট বিক্রিতে প্রভাব পড়েছে। আর রিয়াল সেমিফাইনালে উঠেই পেয়েছে প্রায় ২ কোটি ইউরো। আর অংশগ্রহণ ফি ও বোনাস মিলিয়ে তারা আয় করেছে ৭.৪৬ কোটি ইউরো।
রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ক্লাবের আয় বাড়ানোর পরিকল্পনায় সচেষ্ট, কারণ সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম সংস্কারে ক্লাব ১.২ বিলিয়ন ইউরোর ঋণ নিয়েছে।
তাই রিয়াল চায় ক্লাব বিশ্বকাপ যেন প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়—যদিও তারা নিশ্চিত না থাকে ২০২৯ আসরে খেলতে পারবে কিনা। অবাক করা ব্যাপার, প্রথম আসরের চ্যাম্পিয়ন চেলসিও এখনো ২০২৯ আসরের জন্য নিশ্চিত নয়।
এখন পর্যন্ত নিশ্চিত হওয়া চারটি দল
আল-আহলি (সৌদি আরব) – ২০২৪/২৫ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন
ক্রুজ আজুল (মেক্সিকো) – ২০২৫ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ চ্যাম্পিয়ন
পিএসজি (ফ্রান্স) – ২০২৪/২৫ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন
পিরামিডস এফসি (মিশর) – ২০২৪/২৫ সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন
২০২৯ আসর কোথায় হবে?
দ্য গার্ডিয়ানের মতে, ফিফা এবার একাধিক দেশের মধ্যে টুর্নামেন্টটি আয়োজনের কথা ভাবছে। ২০৩০ সালের জাতীয় দল বিশ্বকাপের আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল ও মরক্কো আগে থেকেই নিশ্চিত। সেই সূত্র ধরেই ধারণা করা হচ্ছে, ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলিও এসব দেশে আয়োজন করা হতে পারে। তবে, পর্তুগাল এখনো আগ্রহ দেখায়নি।