আ. লীগের রাজনৈতিক তৎপরতা দেখলে প্রশাসনিক ব্যবস্থা: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন। যদি তারা কোনও রকম রাজনৈতিক তৎপরতা দেখায় তাহলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তাদের বিচার করা হচ্ছে। বিচারিক কার্যক্রম পুরো মাত্রায় চলমান রয়েছে।

রংপুরে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদত বার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত অনুষ্ঠান শেষে বিমানে ঢাকা যাওয়ার পথে বুধবার( ১৬ জুলাই) বিকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা আরও বলেন, আমরা প্রথম থেকে বলে আসছি মবের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা যে পুলিশ নিয়ে কাজ শুরু করছি সে পুলিশ আওয়ামী লীগ সরকার পনেরো বছর নিজের লোক নিয়োগ দিয়েছেন। এখন সে পুলিশ আমাদের হান্ডেট পার্সেন সাপ্রোট করবে না। আমরা গোপালগঞ্জের বিষয়টি তদন্ত করছি।

প্রশাসনিক গাফলাতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কারফিউ দিয়েছে। আমরা দেশটাকে গড়তে চাই। কারণ আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা দেশটাকে একটা ধ্বংস স্তুপে পরিণত করে গেছে। এখন আমাদের ধ্বংস স্তুপের মধ্যে আস্তে আস্তে দাঁড়াতে হবে।

এ সময়ে সরকারের পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জান ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা, জেলা এনসিপির সদস্যরা উপস্থিত ছিলেন।