অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় যদি প্রশাসনের কোনও গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ বুধবার (১৬ জুলাই) বিকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিচার হবে, বিচারের কয়েকটা ধাপ রয়েছে। এর মধ্যে একটা ধাপ হচ্ছে জনগণ প্রত্যাখ্যান সেটা হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগের বিচারিক কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখন হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের কি বিচার হবে সেটা বিচার বিভাগ বলবে। আমরা আমাদের মতো করে বিচারের যে কার্যক্রম সেটি করছি। আমরা দায়িত্ব নেওয়ার পরে তিন চারমাসে কোনও জিনিসটা ছিল আমাদের সঙ্গে বিচার বিভাগ প্রশাসন কিছু আমাদের সঙ্গে ছিল না। আমরা এই জিনিসটা এক জায়গায় নিয়ে এসে বিচারের কাজটা শুরু করে সেটা সরাসরি সম্প্রচার করেছি। যতদ্রুত সম্ভব ট্রাইবুনাল খুলে আমরা বিচার করার চেষ্টা করছি। এই বিচারটা যেন অবশ্যই আমরা থাকাকালীন সময়ে হয়।
এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জান ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন শিক্ষার্থীরা ও জেলা এনসিপি সদস্যরা গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুর বিমানবন্দরে সড়ক অবরোধ করেন। পরে দুই উপদেষ্টা ও প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেয়।