বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চলমান পরীক্ষাসমূহ স্থগিত, চিকিৎসকদের জন্য ৪৮তম স্পেশাল বিসিএসসহ ১১ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ‘পিএসসি সংস্কার আন্দোলন’ এবং ‘পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদ’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়।
চাকরি প্রত্যাশীদের দাবিগুলো হলো ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল অসংগতিপূর্ণ হওয়ায় তা সংশোধন করে পুনরায় প্রকাশ করতে হবে; ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) যৌক্তিক সময়ে পুনর্নির্ধারণ করতে হবে; চিকিৎসকদের প্রার্থিতার জন্য বয়সসীমা ৩৪ বছর করতে হবে; ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য ন্যূনতম ৪ মাস সময় দিতে হবে; ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ৪৬তম বিসিএস বাতিলের সম্ভাবনা নেই এমন নিশ্চয়তা দিতে হবে; ‘নন ক্যাডার বিধি-২০২৩’ সংশোধন (প্রয়োজন সাপেক্ষে বাতিল) করে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সবার চাকরির ব্যবস্থা করতে হবে; ৪৫তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষার নম্বর ১০০ করতে হবে এবং লিখিত পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার সুযোগ চালু রাখতে হবে; কমিশনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও আস্থাশীল রাখতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে; মৌখিক পরীক্ষার আগে অনলাইনে আবার ক্যাডার পছন্দক্রম (জব-পযড়রপব) করার সুযোগ দিতে হবে; স্বচ্ছতা নিশ্চিত করতে প্রিলিমিনারি পরীক্ষার নম্বর ফলাফল প্রকাশের সময়, এবং লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর চূড়ান্ত ফলাফলের সময় প্রকাশ করতে হবে।