সড়কে শৃঙ্খলা ফেরাতে শিগগিরই পুরনো, ফিটনেসবিহীন যানবাহন সরাতে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘দীর্ঘদিন ধরে সড়কে প্রাণ ঝরছে। এ কারণে ২০ বছরের পুরনো বাস এবং ট্রাক উঠিয়ে দেওয়ার বিকল্প নেই।’
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গতকাল বুধবার ঢাকার মহাখালী বাস টার্মিনালে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচিতে তিনি এসব বিষয়ে কথা বলেন।
আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, ‘ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় রেখে আমরা সড়ক নিরাপদ করতে পারব না। এ কারণে মালিক-শ্রমিক কমিটিসহ সবাইকে সঙ্গে নিয়ে আমরা যুগপৎ আন্দোলনে নামছি। এটা একদিনে সম্ভব নয়, আমরা কাজটা অন্তত শুরু করছি। অভিযান কবে শুরু হবে সেটা এখনই না বলি, আপনারা খুব শিগগিরই দেখতে পাবেন।’
পুরনো বাস তুলে দেওয়ার উদ্যোগ নিলে মালিক সমিতির পক্ষ থেকে বাধা আসে, এবারও এমন কিছু হলে বিআরটিএ কী করবে এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘আপনারা জেনে খুশি হবেন যে এই কার্যক্রমের সঙ্গে মালিক ও শ্রমিক সমিতির নেতাদেরও সঙ্গে রেখেছি।’
এ সময় মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের চালক, শ্রমিক এবং যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিআরটিএর চেয়ারম্যান। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম, বিআরটিএর পরিচালক (রোড সেফটি) মোহাম্মদ শহীদুল্লাহ এবং ঢাকা বিভাগীয় পরিচালক শফিকুজ্জামান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।