দলকে জিতিয়ে ৭০০ গোলে অবদান রাখলেন নেইমার

ব্রাজিল সুপারস্টার নেইমারকে লম্বা সময় মাঠে দেখতে পারাটাই এখন বিরল হয়ে উঠেছে। এই মুহূর্তে তিনি সান্তোসের হয়ে মাঠ মাতাচ্ছেন, গোলও করছেন। তার সৌজন্যেই ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে লিগ ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে সান্তোস। এই গোলের মাধ্যমে নেইমার ছুঁয়েছেন নতুন মাইলফলক।

বুধবার রাতে উরবানো ক্যালডেইরা স্টেডিয়ামে অনু্ষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধেও লম্বা সময় গোল হয়নি। অবশেষে ৮৪তম মিনিটে ব্রাজিলিয়ান সতীর্থ গুইলহেরমের সহায়তায় দারুণ একটি গোল করেন নেইমার। সেই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়।

এই গোলের মাধ্যমে নেইমার তার পেশাদার ক্যারিয়ারে ৭০০ গোলে অবদান রাখলেন। এর মাঝে নিজে করেছেন ৪৪৩ গোল এবং অ্যাসিস্ট করেছেন ২৫৭টি গোলে। একের পর এক ইনজুরির পরও নেইমারকে এই মাইলফলকে পৌঁছতে খেলতে হয়েছে মাত্র ৭৩২টি অফিসিয়াল ম্যাচ, যা খুব কম ফুটবলারই পেরেছেন।