‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম’ শুরু

বাংলাদেশের নারীদের আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্বের নতুন সুযোগ নিয়ে ঢাকায় শুরু হয়েছে ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম-২০২৫’। 

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপার্সন মেঘনা আলম। 

অনুষ্ঠানে জানানো হয়, ১৮-২৬ বছর বয়সী, অবিবাহিত, সুনাগরিক, পরিবেশ সচেতন এবং বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে পরিচিত নারী প্রার্থীরা আগামী ১৭ই জুলাই থেকে ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। প্রাথমিক বাছাই শেষে ১০০ জন প্রতিযোগীকে ২৬শে সেপ্টেম্বর লা মেরিডিয়ানে অডিশনের জন্য আমন্ত্রণ জানানো হবে। যারা প্লাস্টিক ও বর্জ্য পদার্থ দিয়ে নতুন কিছু তৈরি করে গল্পের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে পারবেন, তাদের মধ্য থেকে ২০ জনকে এক মাসব্যাপী ফেলোশিপের জন্য নির্বাচিত করা হবে।  

ফেলোশিপে থাকছে- পেজেন্ট ট্রেনিং, এডভোকেসি স্পিচ, উদ্যোক্তা শিক্ষা, প্রজনন ও মানসিক স্বাস্থ্য এবং ফিটনেসের ওপর প্রশিক্ষণ। চূড়ান্ত বিজয়ী ‘মিস বাংলাদেশ আর্থ’ হিসেবে ২৫তম মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফিলিপাইনে। অনুষ্ঠানে বক্তারা নারীর দৃশ্যমানতা, সমাজের চাপ এবং কীভাবে তারা এসব বাধা অতিক্রম করেছেন- সে অভিজ্ঞতা শেয়ার করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- মিস বাংলাদেশ ফাউন্ডেশনের এসডিজি কো-অর্ডিনেটর ডা. তাসিন আফরিন ডায়ানা, আন্তর্জাতিক আইন উপদেষ্টা তাহরিন জেরিন, হারনেট টিভি’র সিইও আলিশা প্রধান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাসরিন সিরাজ অ্যানি (পিএইচডি), লা মেরিডিয়ান ঢাকার জিএম কনস্ট্যান্টিনোস এস গ্যাব্রিয়েল, সংগীতশিল্পী মেহরীন এবং ‘চল পড়ি’র সহ-প্রতিষ্ঠাতা ও সৃজনশীল পরিচালক ক্যাটেরিনা ডন।