খুলনায় হাসপাতালে স্বজনদের মারামারি দেখে রোগীর মৃত্যু

হাসপাতালে মারামারি দেখে খুলনায় খুকুমনি বেগম (৭৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। 

মৃত খুকুমনি বেগম জেলার পাইকগাছা উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের আলী সানার স্ত্রী। 

মৃতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে পেটে ব্যথা ও হাই ডায়াবেটিস রোগ নিয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন খুকুমনি বেগম। সেখানে আগে থেকেই স্ট্রোকজনিত কারণে ভর্তি ছিলেন উপজেলার আলমতলা গ্রামের মৃত হোসেন আলী মালীর ছেলে মকছেদ মালী। তারা দুজনেই হাসপাতালে আসন না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছিলেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুকুমনি বেগম বাথরুমে যান। সেখান থেকে ফেরার পথে তার পায়ে বেঁধে মকছেদ মালীর ফ্যানের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার পরে মকছেদের স্বজনরা খুকুমনির ছেলে হাফিজুল ইসলাম ও মেয়েকে বেধড়ক মারধর করে। এ ঘটনা দেখে খুকুমনি অসুস্থ হয়ে মারা যান। 

হাফিজুল ইসলাম বলেন, আমাদের মারধরের ঘটনা আমার বৃদ্ধ মা সহ্য করতে পারেননি। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমি আমার মায়ের হত্যার বিচার চাই। 

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সঞ্জয় কুমার মণ্ডল জানান, খুকুমণি অসুস্থতা নিয়ে সকালে হাসপাতালে ভর্তি হয়। দুই রোগীর স্বজনরা মারামারি দেখে তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। 

পাইকগাছা-কয়রার ডি সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, তিনি খবর পেয়ে স্থানীয় থানা পুলিশকে বিষয়টি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।