সিলেটে নাগরিক সংলাপে বক্তারা

প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই স্লোগানকে সামনে রেখে সিলেটে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আয়োজনে বৃহস্পতিবার নগরীর একটি হোটেলের হলরুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে বক্তারা মানুষের বাক স্বাধীনতা ও নিরাপত্তা, কোনো সন্ত্রাসী যাতে রাজনৈতিক দলের কর্মী হতে না পারে সেদিকে খেয়াল রাখা, সংসদ সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, প্রতিটি নাগরিক যেন মৌলিক অধিকার পায় তা নিশ্চিত করা, বিভাগগুলোকে প্রদেশ গঠন করে প্রাদেশিক সরকার গঠন, ফ্যাসিজম প্রতিষ্ঠা না করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। সিলেট জেলা সুজনের সহ-সভাপতি সৈয়দা শিরিন আক্তারের সভাপতিত্বে ও সিলেট জেলা সুজনের সাধারণ সম্পাদক এডভোকেট শাহ সাহেদার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা সুজনের সাধারণ সম্পাদক একেএম শিবলী, হবিগঞ্জ জেলা সুজনের সাধারণ সম্পাদক চৌধুরী মিসবাহুল বারী লিটন, সুনামগঞ্জ জেলা সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, মৌলভীবাজার জেলা সুজনের সদস্য সচিব জহর লাল দত্ত, দি হাঙ্গার প্রজেক্ট সিলেট আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হুদা মিনা। 

স্বাগত বক্তব্যে সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, রাজনীতি হলো জনসেবা ও মানবসেবা। যারা মানুষের জন্য জীবন উৎসর্গ করে দেয়। কিন্তু বর্তমানে সেই রাজনীতির পরিবর্তন ঘটেছে। রাজনীতি সুস্থ ধারায় আসতে হবে এবং জনকল্যাণমুখী হতে হবে। রাজনীতি পরিচ্ছন্ন হলেই আইনের শাসন কায়েম হবে। আগামী নির্বাচনের মাধ্যমে তা বাস্তবায়ন হতে হবে। এ দায়িত্ব আমাদের সকলের।

সংলাপে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবীর, ইকবাল সিদ্দিকী, অ্যাডভোকেট সৈয়দ কাওসার আহমদ, অ্যাডভোকেট সত্যজিৎ কুমার দাস, শাবিপ্রবির অধ্যাপক আবুল কাশেম উজ্জ্বল, তাহমনিা আক্তার, প্রফেসর মোশাররফ হোসেন প্রমুখ।