ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মো. ওবায়েদুল্লাহ আল মাসুদ। গতকাল বৃহস্পতিবার তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে হাতে লেখা একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এর আগে তিনি রূপালী ব্যাংক ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
জানা গেছে, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে।
দায়িত্বকালীন গত ১৪ জুলাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ওবায়েদ উল্লাহ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য তলব করে।
এরপর থেকে তিনি ব্যাংক ও ব্যাংকের বিভিন্ন সভায় অনুপস্থিত ছিলেন। গত ১৬ জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ অভিযানে যায় বিএফআইইউ। অভিযানে গত আগস্টের পর ওবায়েদ উল্লাহ আল মাসুদ ইসলামী ব্যাংক থেকে কী কী সুবিধা নিয়েছেন সে বিষয়ে বিভিন্ন তথ্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।