পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানের ঢাকার বাজারে মানভেদে ৫৫-৬০ টাকা বিক্রি হওয়া দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫-১০ টাকা বেড়েছে। এতে করে ঢাকার পাড়া মহল্লার মুদি দোকানগুলোতে ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। একই সঙ্গে ডিমের দাম কমলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানের ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি বেড়েছে ১০-২০ টাকা পর্যন্ত।
গতকাল বৃহস্পতিবার বাড্ডা, রামপুরা, সেগুনবাগিচা, মগবাজার, কারওয়ান বাজারসহ কয়েকটি খুচরা বাজারের ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস ধরেই ৫৫-৬০ টাকায় স্থিতিশীল অবস্থায় ছিল। হঠাৎ করেই দুই-তিন দিন ধরে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। খুচরা দোকানিরা প্রতি কেজি পেঁয়াজ ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি করছে বলে জানা গেছে।
খুচরা বিক্রেতারা জানান, কারওয়ানবাজারে ৫৮ টাকা পর্যন্ত দামে দেশি পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে। এটা খুচরায় কমপক্ষে ৬৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। কোথাও কোথাও আবার এটা ৭০ টাকাতেও বিক্রি হচ্ছে।
কাঁঠালবাগানের এক মুদি দোকানি আনিসুর রহমান জানান, পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণে দেশি পেঁয়াজের দাম বেড়েছে। দুদিন ধরে বাড়তি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। এজন্য আমাদের ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর বৃহস্পতিবারের বাজার বিশ্লেষণের তথ্য বলছে, গত এক মাসের তুলনায় বাজারে এখন ৯ শতাংশ বাড়তি দাম দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে। তবে এটা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৮ শতাংশ কম দামে বিক্রি হচ্ছে। গত বছরের এই সময়ে পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০-১২০ টাকায়।
পেঁয়াজের পাশাপাশি ব্রয়লার মুরগির দাম এক লাফে কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে। ঢাকার বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বাজারভেদে ১৭০-১৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৬০-১৭০ টাকায়। সেগুনবাগিচা কাঁচাবাজারের ব্রয়লার মুরগির বিক্রেতা শফিকুল জানান, সরবরাহ কিছুটা থাকায় দাম বেড়েছে।
তবে ব্রয়লার মুরগির দাম বাড়লেও কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির ডিমের দাম গত সপ্তাহে বাড়লেও তা আবার কমতে শুরু করেছে এবং প্রতি ডজন ডিমের দাম ৫-১০ টাকা পর্যন্ত কমেছে এবং ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে আমদানির প্রভাবে সামান্য দাম কমলেও এখনো উচ্চমূল্যে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। প্রতি কেজি কাঁচা মরিচের ২৪০-২৬০ টাকায় পাওয়া যাচ্ছে। যা সপ্তাহ খানে আগে ৩০০ টাকায় উঠেছিল। তবে সুপারশপগুলো কাঁচা মরিচ এখনো বাড়তি দামে বিক্রি করতে দেখা গেছে। যেমন স্বপ্ন সুপারশপে প্রতি কেজি কাঁচা মরিচ ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে টানা বৃষ্টির প্রভাবে সবজির সরবরাহ পরিস্থিতি সপ্তাহখানেক যেটা নাজুক অবস্থায় গিয়েছিল সেটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনো এক দুটি পণ্যে এই প্রভাব রয়েছে। যেমন লম্বা বেগুন। বেগুনটির সরবরাহ এখনো কম। যে কারণে পণ্যটি বাড়তি দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি বেগুন কিনতে হচ্ছে ১০০ টাকা, কোনো কোনো বাজারে আরও বেশি দামেও বিক্রি করতে দেখা গেছে।
পেঁপে, ছোট পটোলের মতো হাতে গোনা দু-তিনটি সবজি স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে পেঁপে ৪০ টাকা এবং ছোট পটোল ৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। তবে কাঁকরোল ৭৫-৮০ টাকা, করল্লা ৭০-৮৫ টাকা, গাজর, টমেটো ১৫০-১৬০ টাকা, চিচিংগা ৫৫-৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।