দ্বাদশ বর্ষে ইউএস-বাংলা

২৪টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বাংলাদেশের অন্যতম বিমান সংস্থা ইউএস-বাংলা অতিক্রম করেছে সাফল্যগাঁথা এগারো বছর। গতকাল বৃহস্পতিবার ছিল ইউএস-বাংলা এয়ারলাইনস ১২তম বর্ষে পদার্পণ। ইউএস-বাংলা একাদশ বর্ষপূর্তিতে সব শুভানূধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

২০১৪ সালের ১৭ জুলাই ইউএস-বাংলা ড্যাশ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ২টি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৯০% এর অধিক অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড রয়েছে ইউএস-বাংলার।

অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে। ১৫ মে ২০১৬ তারিখে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক রুটে ডানা মেলে ইউএস-বাংলা। আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবী, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস। খুব শিগগিরই ইউএস-বাংলার বিমান বহরে আরও একটি এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট যোগ করতে যাচ্ছে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন একাদশ বর্ষপূর্তি উপলক্ষে বলেন, ‘প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা যেকোনো ধরনের প্রতিযোগিতার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। বর্তমান বিশ্বে যাত্রীদের সঠিক সেবা প্রদান করার জন্য আধুনিক এয়ারক্রাফটের কোনো বিকল্প নেই। ইউএস-বাংলা যাত্রীদের আরামদায়ক সেবাকে নিশ্চিত করার লক্ষ্যেই প্রতিনিয়ত নতুন নতুন এয়ারক্রাফট বহরে যুক্ত করে চলেছে। দেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে সম্পৃক্ত থাকতে পেরে ইউএস-বাংলা পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’ বিজ্ঞপ্তি