নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুনে পুড়ে ছাই ৩০ দোকান

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সিটি হকার্স মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে তৈরি পোশাকসহ ৩০টি দোকান ঘর। শুক্রবার (১৮ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে ৫ জন।

1000039970

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শহরের চাষাঢ়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের হকার্স মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় দোকানের তৈরি পোশাকের ঘর, জুতার দোকান, কনফেকশনারী, ব্যাটারীর দোকানসহ ৩০ দোকান ঘর।

আগুনের খবর পেয়ে শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে ৫ জন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 
আগুনে পুড়ে যাওয়া পোশাকের দোকানের মালিক মো. মুন্না জানান, আগুনে তাদের দোকানের ২৫-৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তার সব শেষ হয়ে গেছে।

আল আমিন ব্যাটারী দোকানের মালিক ফরিদ মিয়া জানান, তার দোকানে ৩০ লাখ টাকার ব্যাটারী ছিল সেগুলো আগুনে পুড়ে গেছে।

কনফেকশনারী দোকানের মালিক হান্নান জানান, তার দোকানে ১২ লাখ টাকার মতো মালামাল ছিল। আগুনের খবর পেয়ে শুধু একটি ফ্রিজ বের করতে পেরেছিলেন। বাকী সব মালামাল পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, সিটি করপোরেশনের উদ্যোগে চাষাঢ়ায় হকার্সদের পুনর্বাসনের জন্য ৬৪২ ছোট দোকান ঘর নির্মাণ করে দেওয়া হয়েছিল। আগুনে হকার্স মার্কেটের ৩০ দোকানঘর পুড়ে গেছে। তিনি বলেন, হকার্স মার্কেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাড়া দেওয়া হলেও দাহ্য পদার্থের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাড়ানোর জন্য বিকেএমইএ চেম্বারসহ সকল ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের প্রতি আহবান জানান।

1000040024

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, আগুনের খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তৈরি পোশাকসহ ৩০ দোকান পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপনে কাজ চলছে।