নারায়ণগঞ্জে এনসিপি’র তোরণে দুর্বৃত্তদের আগুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে ঘিরে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোডে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এনসিপির নারায়ণগঞ্জ জেলা নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনগত রাত সাড়ে ৩টার দিকে শহরের কলেজরোড এলাকায় এ ঘটনা ঘটে।

এনসিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এতে আমাদের একটি তোরণ পুড়ে গেছে। পরে নাইটগার্ড এসে বাধা দিলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে আমাদের সংগঠকরা ঘটনাস্থলে যান এবং পুলিশকে অবহিত করেন। আমরা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করছি।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সকালের দিকে আমরা এ ঘটনা শুনেছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা নিশ্চিত নই। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।