ফরিদপুর হাসপাতালের লিফটের নিচ থেকে মৃতদেহ উদ্ধার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন সার্জারি ১০ তলা ভবনের লিফটের আন্ডারগ্রাউন্ডে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে লিফটম্যান তীব্র দুর্গন্ধ অনুভব করে লিফটের নিচতলার দরজা খুললে সেখানে একটি মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি হাসপাতালের ওয়ার্ডমাস্টারকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এর সত্যতা দেখতে পান।

পরে তিনি ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করেন। পরে রাত দুইটার দিকে পুলিশের একটি ডবল টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশের ধারণা, মৃতদেহটি প্রায় ৪-৫ দিন আগের। কারণ মরদেহটি বেশ ফুলে গেছে এবং পচন ধরেছে। কোতোয়ালি থানা পুলিশের একটি টিম সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।

এ ঘটনার পর হাসপাতাল চত্বরে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।