৪৭ বলে রেকর্ড গড়া সেঞ্চুরি হাঁকালেন ইংল্যান্ডের জর্ডান কক্স

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি ব্লাস্টে এসেক্সের হয়ে ব্যাট হাতে ঝড় বইয়ে দিয়েছেন জর্ডান কক্স। হ্যাম্পশায়ারের বিপক্ষে তিনি খেলেছেন ৬০ বলে ১১টি করে চার ও ছক্কায় অপরাজিত ১৩৯ রানের ইনিংস। এই ইনিংস খেলার পথেই তিনি গড়েছেন ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।

গতকাল বৃহস্পতিবারের ওই ম্যাচে জয়ের জন্য এসেক্সের শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রান। পেসার জেমস ফুলারের ওভারের প্রথম দুই বলে বোলারের মাথার ওপর দিয়ে দুই ছক্কায় ম্যাচের ইতি টানেন কক্স। ১৪৪টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলা কক্সের এটা প্রথম সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যানদের মধ্যে এতদিন সর্বোচ্চ ইনিংস ছিল ফিল সল্টের (১১৯)। এবার সেই রেকর্ড ভেঙে গেল।

সব দেশ মিলিয়ে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে কক্সের চেয়ে বড় ইনিংস আছে পাঁচটি। ২০০৮ আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৭৩ বলে অপরাজিত ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। সাবেক কিউই অধিনায়কের সেই বিধ্বংসী ইনিংসই এখন এই রেকর্ডের শীর্ষে আছে।