নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুন, ৩০০ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে তৈরি পোশাকসহ ৩০টি দোকান ঘর। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে ৫ জন। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সোয়া ৬টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আজ শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে শহরের চাষাঢ়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের হকার্স মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় দোকানের তৈরি পোশাকের ঘর, জুতার দোকান, কনফেকশনারি, ব্যাটারির দোকানসহ ৩০টি দোকান ঘর।

আগুনের খবর পেয়ে শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে ৫ জন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগুনে পুড়ে যাওয়া পোশাকের দোকানের মালিক মো. মুন্না জানান, আগুনে তাদের দোকানের ২৫-৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তার সব শেষ হয়ে গেছে।

আল আমিন ব্যাটারি দোকানের মালিক ফরিদ মিয়া জানান, তার দোকানে ৩০ লাখ টাকার ব্যাটারি ছিল, সেগুলো আগুনে পুড়ে গেছে।

কনফেকশনারি দোকানের মালিক হান্নান জানান, তার দোকানে ১২ লাখ টাকার মতো মালামাল ছিল। আগুনের খবর পেয়ে শুধু একটি ফ্রিজ বের করতে পেরেছিলেন। বাকি সব মালামাল পুড়ে গেছে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, আগুনের খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তৈরি পোশাকসহ ৩০টি দোকান পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপনে কাজ চলছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, সিটি করপোরেশনের উদ্যোগে চাষাঢ়ায় হকার্সদের পুনর্বাসনের জন্য ৬৪২ ছোট দোকান ঘর নির্মাণ করে দেওয়া হয়েছিল। আগুনে হকার্স মার্কেটের ৩০টি দোকানঘর পুড়ে গেছে।

তিনি বলেন, হকার্স মার্কেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাড়া দেওয়া হলেও দাহ্য পদার্থের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য বিকেএমইএ চেম্বারসহ সকল ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানান।