বাংলাদেশে স্টারলিংক কার্যক্রম সফলভাবে চালু করতে সরকারের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রশংসা করেন।
লরেন ড্রেয়ার বলেন, আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি, কিন্তু বাংলাদেশের মতো দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তা খুব কমই দেখেছি। স্পেসএক্সের পক্ষ থেকে আমি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আপনাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ সময় বর্ষাকালে বাংলাদেশের চ্যালেঞ্জের কথা তুলে ধরে বলেন, এ সময় বন্যা ও জলাবদ্ধতার মতো সমস্যা দেখা দেয়। এ অবস্থায় নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে ডিজিটাল সংযোগের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালু করতে চাই, যাতে দুর্গম অঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হয়। এ ছাড়া, ডিজিটাল স্বাস্থ্যসেবার মাধ্যমে গর্ভবতী নারীরা ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন, যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রবাসী বাংলাদেশিরাও এই সেবার মাধ্যমে দেশের ডাক্তারদের সঙ্গে পরামর্শ করতে পারবেন।
লরেন ড্রেয়ার ড. ইউনূসের উদ্যোগের প্রশংসা করে বলেন, আপনার এই মডেল বিশ্বের অন্যান্য নেতাদের জন্য অনুসরণীয়। দুর্নীতি রোধ ও ডিজিটাল সেবা প্রসারে আপনার ভূমিকা প্রশংসনীয়। প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণের এই ধারণা সত্যিই যুগান্তকারী।
বৈঠকে স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং বিআইডিএ ও বিইজেডএর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ সময় উপস্থিত ছিলেন।