ফুটবলে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে আইন সংস্কারের একটি প্রস্তাব। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) পেনাল্টি সংক্রান্ত একটি যুগান্তকারী পরিবর্তন বিবেচনা করছে, যার ফলে ফুটবলে ১৩৪ বছরের চেনা দৃশ্য বদলে যেতে পারে—পেনাল্টিতে আর ফিরতি শট নেওয়া যাবে না!
‘পেনাল্টি মানেই গোলের সুবর্ণ সুযোগ’—এই যুক্তিতেই প্রস্তাব
ব্রিটিশ পত্রিকা দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, আইএফএবি-এর আলোচনায় রয়েছে এমন একটি প্রস্তাব, যাতে পেনাল্টি থেকে গোল না হলে সরাসরি গোলকিক দেওয়া হবে ডিফেন্ডিং দলের পক্ষে। অর্থাৎ, পোস্টে লেগে বল ফিরলে বা গোলরক্ষক বল ঠেকিয়ে দিলেও আক্রমণকারী দলের কেউ আর ফিরতি শট নিতে পারবে না।
প্রস্তাবকারীদের যুক্তি হলো, পেনাল্টি নিজেই এক বড় সুবিধা, যা মূল ফাউলের চেয়েও বড় শাস্তি এনে দেয় ডিফেন্ডিং দলের জন্য। সেই সুযোগের পর আবার ফিরতি শট নেওয়ার অনুমতি অতিরিক্ত সুবিধা বলেই মনে করছেন তারা। পাশাপাশি এই নিয়ম কার্যকর হলে ‘পেনাল্টি নেওয়ার সময় অন্য খেলোয়াড়ের বক্সে ঢুকে পড়া’ সংক্রান্ত বিতর্কও স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে।
ভিএআর নিয়েও আসতে পারে বড় পরিবর্তন
এই প্রস্তাব শুধু পেনাল্টি নিয়েই নয়, বরং আইএফএবি তাদের সামগ্রিক রিভিউ প্রক্রিয়ার অংশ হিসেবে ভিএআর ব্যবহারের ক্ষেত্রও সম্প্রসারণ করতে চাইছে। দ্বিতীয় হলুদ কার্ড, ভুলে corner না দেওয়া বা নেওয়া—এমন কিছু বিষয়েও ভিএআর হস্তক্ষেপের সুযোগ থাকবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে।
ডেইলি মেইল, মার্কাসহ একাধিক ইউরোপীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এসব নিয়েই সাম্প্রতিক আইএফএবি বার্ষিক সভায় বিস্তর আলোচনা হয়েছে।
গোলরক্ষকদের জন্য নতুন নিয়ম কার্যকর
এছাড়া, চলতি বছরের ১ জুন থেকে চালু হয়েছে গোলরক্ষকদের জন্য নতুন "৮ সেকেন্ড নিয়ম", যাতে বল ধরার পর ৮ সেকেন্ডের মধ্যে খেলা শুরু করতে হবে। উয়েফা অনূর্ধ্ব-২১ ইউরো ও ক্লাব বিশ্বকাপে এর সফল প্রয়োগ আইএফএবি–এর আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
জুলিয়ান আলভারেস বিতর্কের পর নতুন সিদ্ধান্ত
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জুলিয়ান আলভারেসের একটি বিতর্কিত পেনাল্টি নিয়ে সম্প্রতি আলোড়ন তৈরি হয়। ভিএআর-এ ধরা পড়ে বল দুই পা দিয়ে লেগেছিল, যা বর্তমান নিয়মে গোল বাতিলের কারণ। সেই ঘটনার পর আইএফএবি স্পষ্ট করেছে—এই ধরনের ইনডাইরেক্ট টাচে যদি গোল হয়, তাহলে পুনরায় কিক নেওয়া যাবে, আর না হলে প্রতিপক্ষ পাবে ইনডাইরেক্ট ফ্রি-কিক।
পিয়েরলুইজি কলিনার সুপারিশ ছিল আগেই
ফিফা রেফারিজ কমিটির প্রধান পিয়েরলুইজি কলিনা ২০২৫ সালের শুরুতেই পেনাল্টির ফিরতি শট তুলে দেওয়ার পক্ষে মত দেন। তার ভাষায়, “৭৫ শতাংশ পেনাল্টিই তো এমনিতেই গোল হয়। ফিরতি শট আবার আলাদা করে সুযোগ তৈরি করে, যা গোলরক্ষকদের জন্য অন্যায়।”
২০২৬ বিশ্বকাপের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত
২০২৬ বিশ্বকাপের আগে নতুন নিয়ম কার্যকর করতে চাইলে সবকিছু চূড়ান্ত করতে হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল, তাই বড় পরিসরের টুর্নামেন্টে এসব সংস্কার পরীক্ষার দারুণ সুযোগ দেখছে আইএফএবি।
দেখা যাক, ইতিহাস বদলে দিয়ে ‘পেনাল্টি’কে শুধুই একবারের সুযোগ করে তোলে কিনা বিশ্ব ফুটবলের আইন রক্ষকরা।