আগামী ১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন’। হাইওয়েতে হয়রানি বন্ধসহ ৬ দাবিতে তারা এ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) এক বিবৃতিতে এ ঘোষণা দেয় বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন।
তাদের দাবিসমূহ হলো:-
১) সকল ট্যাংকলরির ইকনোমিক লাইফ সাধারণ বাস, ট্রাক, কভার্ডভ্যানের ন্যায় ২৫ বছর নির্ধারণ বাতিল করে বাস্তব ভিত্তিতে করতে হবে। কারণ ট্যাংকলরি শুধু জ্বালানী পরিবহন করে থাকে যা ওয়ানওয়ে সার্ভিস, ফলে অন্যান্য গাড়ির সঙ্গে ট্যাংকলরির তুলনা অবাস্তব।
২) ট্যাংকলরি যেহেতু একাধিক জেলা অতিক্রম করে জ্বালানি তেল সরবরাহ করে তাই সারা বাংলাদেশে চলাচলের রুট পারমিট প্রদান করতে হবে।
৩) যেহেতু ট্যাংকলরি সম্পূর্ণ সরকার নির্ধারিত নির্দিষ্ট ভাড়ায় চলাচল করে ফলে বাণিজ্যিক গাড়ির মত ইচ্ছামাফিক ভাড়া গ্রহণের সুযোগ নেই। সেহেতু অন্যান্য বাণিজ্যিক গাড়ির মত হঠাৎ করে আয়কর ১৫ হাজার থেকে ৩০ হাজার করার গেজেট বাতিল করতে হবে।
৪) ট্যাংকলরি চালকদের দীর্ঘদিনের হালকা ড্রাইভিং লাইসেন্স যোগ্যতার ভিত্তিতে হেভি লাইসেন্স দ্রুত প্রদান করতে হবে।
৫) ট্যাংকলরির চালকদের হাইওয়ে ও জেলা পুলিশের কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি বন্ধ করতে হবে।
৬) একইসঙ্গে পেট্রোল পাম্প এবং ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের অমীমাংসিত দাবিগুলো দ্রুত সমাধান করতে হবে।