রোনালদোর উইকেট নিলেন সাকিব, জিতল মায়ামি

আবারও ওপেনিংয়ে নেমে ঝড় তুললেন সাকিব আল হাসান। ব্যাট হাতে আগ্রাসী ইনিংসের পর বল হাতেও রাখলেন কার্যকর অবদান। তার অলরাউন্ড নৈপুণ্যে ফ্লোরিডা লায়ন্সের পর ফ্যালকন্সকেও হারিয়েছে মায়ামি ব্লেজ।

ফ্লোরিডার লডারহিলে টস হেরে ব্যাট করতে নেমেছিল মায়ামি। ওপেনিংয়ে নামেন সাকিব আল হাসান। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে ১১ বলে ২৯ রান করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন বাঁহাতি এই অলরাউন্ডার। মারেন ৩টি চার ও ২টি ছক্কা, স্ট্রাইক রেট ২৬৩.৬৪।

তার সঙ্গে ক্রিজে থাকা অ্যাঞ্জেলো পেরেরা ছিলেন আরও বিধ্বংসী। শ্রীলঙ্কান এই ব্যাটার ২২ বলে ৫ চার ও ২ ছক্কায় খেলেন ৪৫ রানের ইনিংস। সাকিব আউট হন ইনিংসের চতুর্থ ওভারে, মালিন্দা পুষ্পাকুমারার বলে লং অফে ক্যাচ দিয়ে।

ভালো সূচনা সত্ত্বেও শেষ দিকে গতি হারায় মায়ামির ইনিংস। জয়াসুরিয়া ও টম ও’কনেল ব্যাট হাতে কিছু করতে না পারায় ১০ ওভারে ৫ উইকেটে দল থামে ১১০ রানে। ফ্যালকন্সের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শিখর ধাওয়ান ও জ্যাক জার্ভিস।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ফ্যালকন্স। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি থেমে যায় ৯৭ রানে। সর্বোচ্চ ২৫ রান করেন চিরাগ গান্ধী। রোনালদো আলীমোহামেদ ১৬ ও চন্দরপল হেমরাজ ১৪ রান করেন।

সাকিব প্রথম ওভারে উইকেট না পেলেও দ্বিতীয় ওভারে ফিরিয়ে দেন রোনালদো আলীমোহামেদকে। বাকি কাজ সারেন শেহান জয়াসুরিয়া, মাত্র ১৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে। বোলিংয়ে সাকিবের ফের ২ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট।

১৩ রানের জয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেল মায়ামি ব্লেজ।

সংক্ষিপ্ত স্কোর:

মায়ামি ব্লেজ: ১১০/৫ (১০ ওভার)

সাকিব ২৯ (১১), পেরেরা ৪৫ (২২), জয়াসুরিয়া ১১; ধাওয়ান ২/১০, জার্ভিস ২/২৪

ফ্যালকন্স: ৯৭/৮ (১০ ওভার)

চিরাগ ২৫, আলীমোহামেদ ১৬, হেমরাজ ১৪; জয়াসুরিয়া ৩/১৮, সাকিব ১/১৯