দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। গতকাল সিরীয় সেনাবাহিনী যুদ্ধবিরতি ঘোষণা করে অঞ্চলটি থেকে সরে গিয়েছিল। তবে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ায় যুদ্ধবিরতি ভেঙে গেছে।
শুক্রবার পুনরায় সংঘর্ষ শুরু হলে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সরকার বাহিনীকে সুয়েইদা প্রদেশে পুনরায় মোতায়েন করা হচ্ছে—এই ধরনের খবর সত্য নয়।
সরকারি মুখপাত্র নূরউদ্দিন আল-বাবা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে এ সংক্রান্ত কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি এবং প্রকাশিত তথ্যে কোনো সত্যতা নেই।’
তিনি বলেন, সরকার বাহিনী সাধারণ প্রস্তুতি অবস্থায় রয়েছে এবং এখন পর্যন্ত সুয়েইদায় তাদের কোনো মোতায়েন হয়নি।
এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে আগামী ৪৮ ঘণ্টার জন্য সীমিতভাবে সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সুয়েইদায় প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল।’
উল্লেখ্য, ইসরায়েল বুধবার সুয়েইদা ও সিরিয়ার রাজধানীতে তীব্র বিমান হামলা চালায়। এর আগে, তারা দামেস্ককে দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছিল।
সিরীয় সরকার এসব বিমান হামলাকে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং জাতিকে বিভক্ত ও অস্থির করার উদ্দেশ্য বলে নিন্দা জানিয়েছে।
এদিকে সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস শুক্রবার জানিয়েছে, সুয়েইদায় সংঘর্ষের ফলে এখন পর্যন্ত অন্তত ৩২১ জন নিহত হয়েছে।
সিরিয়ার এক মন্ত্রী জানিয়েছেন, সরকার এখন পর্যন্ত ৮৭টি মরদেহ উদ্ধার করেছে। তবে এই সংখ্যা সাম্প্রতিক সময়ে বেদুইন ও দ্রুজদের মধ্যে ঘটা সংঘর্ষের নিহতদের সম্পূর্ণ সংখ্যা কি না সেটি তিনি উল্লেখ করেননি।