বিএনপির সাবেক এমপি মান্নান তালুকদারের মৃত্যু

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মান্নান তালুকদার (৮৯) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকার ধানম-ি ২৭ নম্বর নিজ বাসবভনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জানা যায়, তৎকালীন ব্রিটিশ শাসনামলে এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে কাটার মহল পরগনার প্রতিষ্ঠাতা মুন্সি আব্দুর রহমান তালুকদারের বংশধর জমিদার ফজলার রহমান তালুকদারের পঞ্চম সন্তান আব্দুল মান্নান তালুকদার ১৯৩৬ সালের ২ মার্চ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের ধুবিল গ্রামে জন্মগ্রহণ করেন।