আওয়ামী লীগ শাসনামলে অসহায় হতদরিদ্র মানুষের মৌলিক অধিকার নিয়ে যে দায়িত্ব পালন করার কথা ছিল তা না করে তারা শোষণ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। গতকাল শুক্রবার সকাল ১০টায় ঢাকার উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির হলরুমে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
হাজী মোহাম্মদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ও মোস্তফা জামানের তত্ত্বাবধানে ‘ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে জ¦র, ঠা-া, কাশি, করোনা সমসাময়িক শারীরিক সমস্যাজনিত তিন শতাধিক রোগী ক্যাম্পে চিকিৎসা নিতে আসে। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রতি বৃহস্পতিবার বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হবে বলে জানান মোস্তফা জামান।
মোস্তফা জামান বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফায় স্বাস্থ্যসেবা নিয়ে বিস্তার আলোচনা করে গেছেন। আমি বলতে চাই, অসহায় হতদরিদ্র অসচ্ছল মানুষের মধ্যে ফ্রি চিকিৎসাব্যবস্থা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম এটি মানবিক কাজ। টাকা-পয়সা থাকলেই মানুষ এ কাজ করতে পারে না। যেমনটা গত ১৭ বছর আওয়ামী লীগ করতে পারেনি। তারা শুধু মানুষদের শোষণ করেছে। অধিকার থেকে বঞ্চিত করেছে। পাঁচটি মৌলিক অধিকার, যার ভেতরে অন্যতম চিকিৎসা। সেই চিকিৎসা ব্যবস্থাটাকে ভেঙেচুরে তছনছ করেছে স্বৈরাচার আওয়ামী লীগ।