চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিএনপির উদ্বেগ

চট্টগ্রাম শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নিরপরাধ ব্যবসায়ীদের মিথ্যা মামলা এবং চাঁদাবাজির কবল থেকে রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঢাকার পর চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। বন্দর নগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। সারা দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালিত হয় চট্টগ্রাম থেকেই। ব্যবসা বাণিজ্যের উন্নতি এবং দেশের আর্থিক খাতকে শীর্ষস্থানে নিয়ে যেতে হলে এই শহরটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অপরিহার্য। কিন্তু দুর্ভাগ্যজনক বর্তমানে চট্টগ্রাম শহরে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং চাঁদাবাজির দৌরাত্বে শহরটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা বিরাজ করছে।

এ ধরনের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা-বাণিজ্য কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি চলমান থাকলে দেশের ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতি স্থবির হয়ে পড়বে।

এতে আরও বলা হয়, বিএনপি সর্বস্তরের ব্যবসায়ী মহল ও জনগণকে এ বিষয়ে একসঙ্গে দুষ্কৃতিকারীদের প্রতিহত করার আহ্বান জানায়। বিএনপি চট্টগ্রাম শহরে চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে নাজেহাল ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করছে এবং এই সমস্ত অনাচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনকে আহ্বান জানায় দলটি।