রুমিন ফারহানার হুঁশিয়ারি

ভালোই ভালোই বলবো— মানুষের ভোটের ক্ষমতা ফিরিয়ে দিন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ভালোই ভালোই বলবো— মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিন। মানুষ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে, মানুষ যাকে ভোট দেবে সেই প্রধানমন্ত্রী হবে। মানুষ যাকে ভোট দেবে সেই এমপি হবে।

তিনি বলেন, অনেক টালবাহানা আপনারা করেছেন আর করবেন না। আশা করছি, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন হবে। এই নির্বাচনে সকলের ভালোবাসার ভোটে বিএনপি নির্বাচিত হবে।

শুক্রবার বিকালে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূতি পালন এবং মৌন মিছিল শেষে সরাইল উপজেলা পরিষদের সামনে এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, কারও প্রলোভনে পা দেয়নি। আমরা পরিচয় লুকিয়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে রাজনীতি করি নাই।

তিনি বলেন, গত ১৫ বছর যারা আঁতাতের রাজনীতি করেছেন, ছাত্রলীগ-যুবলীগের পদে ঢুকে চামড়া বাঁচিয়েছে; তারা যেন তারেক রাহমানকে নিয়ে কটূক্তি করার কোনো সাহস না পাই। বিএনপি গণমানুষের দল, বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার দল। বিএনপি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দল।

বিএনপির এ নেত্রী বলেন, এই দলকে যদি আপনারা মনে করেন আটকে রাখতে পারবেন, তাহলে জীবনের সবচেয়ে বড় ভুল চিন্তা করতেছেন। শেখ হাসিনা পারে নাই। শত-শত গুম, হাজার-হাজার হত্যা, লাখ-লাখ মামলা দিয়েও আমাদের ঘরে আটকে রাখতে পারে নাই।